
নিজস্ব প্রতিবেদ: ফরিদপুর সদর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, টিকিট বিক্রি, চিকিৎসকদের উপস্থিতি ও ওষুধ সংরক্ষণে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে হাসপাতালের টিকিট কাউন্টারে পাঁচ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি ও নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়েও সত্যতা পাওয়া যায়।
দুদক সূত্রে জানা গেছে, রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রমাণ মিলেছে। ৯৫ টাকা দরের চালের পরিবর্তে নিম্নমানের চালের ভাত এবং নির্ধারিত ২০০ গ্রাম পাঙাশ মাছের পরিবর্তে মাত্র ৮০ গ্রাম মাছ রান্না করে রোগীদের সরবরাহ করা হচ্ছিল। পাশাপাশি হাসপাতালের ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছিল না।
দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্য ও একাধিক অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে।
মন্তব্য করুন