
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও বিক্রির অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পর প্রাণনাশ, অপহরণ ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিসাধনের হুমকির অভিযোগে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন এক ব্যবসায়ী।
আজ শনিবার আব্দুল করিম মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী কোতয়ালী থানায় এ সাধারণ ডায়েরি করেন। তিনি দক্ষিণ গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিবেশক ও ফরিদপুর এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।
জিডিতে উল্লেখ করা হয়, পূর্ব খাবাসপুর এলাকার জামাল মীর (৫০), হারুকান্দী বাজার এলাকার মীর কাউসার আলী (৫৩) ও আব্দুল্লাহ (২২) পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডার অবৈধভাবে রিফিল করে বিক্রি করে আসছিলেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে তিনি ও তার সংগঠনের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালে জেলা প্রশাসন একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। সর্বশেষ গত ৯ এপ্রিল অভিযুক্তদের একটি গ্যাস সিলিন্ডার রিফিলিং গোডাউন সিলগালা করা হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ওই ঘটনার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে তাদের প্রতিষ্ঠানের তিন কর্মচারীর উপস্থিতিতে মোবাইল ফোনে লাউড স্পিকারের মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ, অপহরণ, চাঁদা আদায় এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেয়। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিসাধনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কোতয়ালী থানায় দায়ের করা জিডির নম্বর ৮৩৬ বলে জানা গেছে।
মন্তব্য করুন