
আবু বকর সিদ্দিক(বাবু মোল্লা) রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, আগুন লাগার পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। আতঙ্কে ঘর থেকে বের হতে না পেরে অনেকেই প্রয়োজনীয় মালামাল রক্ষা করতে পারেননি। ফলে তাদের জীবনের সঞ্চয় ও ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মৃত তাজেল খানের তিন ছেলে মোঃ গফুর খান, মোঃ শুকুর খান ও মোঃ নয়ন খান এর পরিবার। প্রায় ১০ সদস্যের এই যৌথ পরিবারে বসবাস করতেন।
অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর ও ১টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি একটি ভ্যান ও একটি ছাগলও আগুনে ভস্মীভূত হয়েছে। এতে পরিবারগুলো এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
জীবিকার জন্য পরিবারগুলো কৃষিকাজ ও ভ্যান চালনার ওপর নির্ভরশীল ছিলেন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাদের একমাত্র উপার্জনের পথও বন্ধ হয়েছে গেছে বলে জানা যায়।
পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় এলাকাবাসী মোঃ রাশেদুজ্জামানের নেতৃত্বে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। পরবর্তীতে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য যোগাযোগ: ০১৮০৬-৮৪৪৭৮৬
মন্তব্য করুন