
আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা) : রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো প্রথম ধাপেই পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে জানিয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য বলেন, নির্বাচনি ইশতেহার ও ‘৩১ দফা’র অঙ্গীকারের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সারাদেশের ১৪টি উপজেলার মধ্যে পাংশাকে পাইলট প্রকল্পের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোর হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন