
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের আক্রমণে কমপক্ষে ১০ টি দোকান, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী সালথা উপজেলার খারদিয়া ইউনিয়নের মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারী কয়েকশ লোক বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে হামলা চালায়। জিহাদের ময়েনদিয়া গ্রামের অনুসারীরা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে এবং পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বর বিএনপির পক্ষে কাজ করেন। বিএনপি ক্ষমতায় যাওয়ায় মান্নান মাতুব্বর এলাকায় তার হারানো প্রভাব ফিরে পাওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জিহাদের অনুসারী একদল লোক ময়েনদিয়া গ্রামের কমপক্ষে ১০টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। হামলাকারীদের আক্রমণে ময়েনদিয়া গ্রামের মান্নান মাতুব্বরের কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়ার দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ত্যাগ করে সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মান্নান মাতুব্বর এলাকাছাড়া ছিলেন। এ সুযোগে সেই সময় প্রতিপক্ষ পার্শ্ববর্তী সালথা উপজেলার খারদিয়া ইউনিয়নের মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারী একদল লোক তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। চেয়ারম্যান মান্নান মাতুব্বর এলাকাছাড়া থাকায় তার প্রতিপক্ষ জিহাদ গ্রুপ ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণ করতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মান্নান মাতুব্বর বিএনপিতে যোগ দেন। নির্বাচন শেষে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে মান্নান মাতুব্বর ময়েনদিয়া এলাকায় তার পুরনো প্রভাব ফিরে পাওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মন্তব্য করুন