নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর সদর উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার
(২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুরারীদাহ, তাম্বুলখানা এলাকার মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং ফতেপুর, শিবরামপুর এলাকার এফ অ্যান্ড বি ব্রিক্স ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় ফরিদপুর জেলার আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার অবৈধ ইটভাটা বন্ধ এবং বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।