বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী সদর প্রতিনিধি: রাজবাড়ীতে পদ্মা নদী থেকে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার ( ১২ এপ্রিল) বেলা পৌনে ১০ টার দিকে রাজবাড়ী জেলা সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এ রিক্সা চালকের নাম লিটন খান (৪২)। তিনি জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা। তার বাবা ওই এলাকার স্থানীয় আক্কাস খান।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে যায়। এসময় মরদেটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। পরে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, 'প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয়। রাত ১০ টার দিকে তাকে ফোন দেই। সে আর ফোন ধরে না। রাত ১১ টার দিকে আবারও ফোন দেই কিন্তু ফোন রিসিভ করে না। এরপর রাত দুইটা বেজে যায় তাও সে আর বাড়িতে আসে না। পরে তাকে আবারও ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ বলে। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি তার লাশ ভেসে আছে।'
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ । মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।