নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাব সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি এডভোকেট তারেক আইয়ুব খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব এর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান দুলাল, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব এর সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, কোষাধ্যক্ষ রবিউল হাসান (রাজিব), ইয়াকুব আলী তুহিন, কার্যনির্বাহী সদস্য রমেন সেন, লুৎফর রহমান, সেন্টু মিয়া, মহসিন মুন্সী, নীরা জোয়াদ্দার, এবিএম সিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির শিশির, কামরুজ্জামান রিপন, নাজিয়া নওশীন নুপুর, ইরা নাহার দিবা, রুমা তাহেরা প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল থাকলেও দেশে রাতারাতি দাম বাড়ানো হচ্ছে। বিশেষ করে ইরান ও আমেরিকার উত্তেজনাকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটারে ৩০ টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। খোলা তেলও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বক্তারা বলেন, এটি শুধু বাজার অস্থিরতা নয় বরং ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি ও নিরাপদ খাদ্য গ্রহণের মৌলিক অধিকার লঙ্ঘন।
মানববন্ধনে ক্যাবের পক্ষ থেকে সরকারের প্রতি উক্ত দাবি জানানো হয়েছে:
১. সরকারি নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি অবিলম্বে নিশ্চিত করা
২. সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত ও অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ।
৩. বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি জোরদার করা।
৪. কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।
৫. নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি অবিলম্বে বন্ধ করা।
৬. ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করা।
বক্তারা সতর্ক করে বলেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে তেল বিক্রি করে ভোক্তাদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে এবং জনগণের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। তারা সরকারের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এ ব্যাপারে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়।