নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি বিরিয়ানির দোকানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
তন্ময় ইসলামের নেতৃত্বে শহরের ডায়বেটিক হাসপাতালের মোড় সংলগ্ন ঝিলটুলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘কাচ্চি সুলতান’ নামক বিরিয়ানির দোকানে অসাস্থ্যকর কাপড়ের রং ও কেমিক্যাল ব্যবহার, লেবেলবিহীন ঘি প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম ও দীপ্ত চক্রবর্তী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।
এছাড়াও একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৪টি মুদি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।